চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (গতকাল) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মো. রাফি (২৮) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে সন্দ্বীপ থানা পুলিশ ও বাংলাদেশ আনসারের সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানান, পরিবেশ রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটার মতো কর্মকাণ্ড বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।