চট্টগ্রামের হাটহাজারীতে বিশেষ অভিযান চালিয়ে মো. আব্দুল হালিম প্রকাশ হালিম মির্জা নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী পৌরসদরের ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারের সামনে র্যাব-৭ চট্টগ্রাম সিপিসি-২ ক্যাম্পের কমান্ডার (এসপি) সাইফুর রহমানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল হালিম উপজেলার মির্জাপুর ইউনিয়নের নুরুল হকের ছেলে।
র্যাব কর্মকর্তারা জানান, আব্দুল হালিম ২০২১ সালের ২৯ ডিসেম্বর হাটহাজারী মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।