শিরোনামঃ

হাটহাজারীতে ডাম্প ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

মো. সাহাবুদ্দীন সাইফ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ
ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক পারাপারের সময় দ্রুতগতির ডাম্প ট্রাকের ধাক্কায় মোহাম্মদ সামির (১৩) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে ঘটনার পর পরই চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে হাটহাজারী পৌরসভা এলাকার হাটহাজারী-রাউজান সড়কের ‘ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টার’ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সামির পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়ার ওমান প্রবাসী জসিমের একমাত্র ছেলে। আজই তার বড় বোনের বিয়ের অনুষ্ঠান ছিল।

জানা যায়, দুপুরে ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারের সামনে রাস্তা পার হচ্ছিল সামির। এ সময় রাউজান অভিমুখী একটি দ্রুতগতির বালুবাহী ডাম্প ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের ধাওয়ার মুখে চালক ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। বোনের বিয়ের আনন্দ-উৎসব এক নিমেষেই রূপ নিয়েছে বিষাদে। স্বজনদের আহাজারিতে ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টার ও শায়েস্তা খাঁ পাড়া এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সড়কে বেপরোয়া গতিতে ডাম্প ট্রাক চালানো এবং প্রতিনিয়ত দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে ঘাতক চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রাউজান হাইওয়ে থানার ওসি আশরাফ উদ্দীন জানান, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল যায়, তার আগেই থানার পুলিশ উপস্থিত হয়েছিলো। এর আগে স্বজনরা তার মরদেহটি বাড়িতে নিয়ে যায়। যেহেতু দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি পরিষ্কার তাই ময়নাতদন্ত না করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তার করা হবে। অন্যদিকে ঘাতক ট্রাকটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। পলাতক চালক ও হেলপারকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL