শিরোনামঃ

হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী মিনিট্রাক খাদে

মো. সাহাবুদ্দীন সাইফ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ
ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ

চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে উল্টে খাদে পড়ে গেছে মালবাহী একটি মিনিট্রাক। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে গাড়িটি সম্পূর্ণ তলিয়ে যায়। তবে ক্যাবিনের দরজার কাচ খুলে ভেতরে আটকে পড়া চালক ও সহকারী অলৌকিকভাবে বের হয়ে প্রাণে বেঁচেছেন।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত মহাকবি আলাওল দীঘি সংলগ্ন একটি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক রিয়াদ পার্বত্য জেলা খাগড়াছড়ির বাসিন্দা বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরী থেকে সেনাবাহিনীর জন্য বিভিন্ন ধরনের কাঁচামাল, সবজি ও সাবান বোঝাই করে মিনিট্রাকটি খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ভোররাতে হাটহাজারীর ফতেপুর এলাকায় পৌঁছালে গাড়িটি তীব্র ঝড়-বৃষ্টি ও ভারী বর্ষণের কবলে পড়ে। এ সময় বৃষ্টির কারণে সড়কের গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ট্রাকটি বাম দিকে ছিটকে যায় এবং মহাসড়ক থেকে উল্টে পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার তীব্রতায় চালক ও সহকারী ক্যাবিনের ভেতরে আটকা পড়েন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রথমে ভেতর থেকে দরজা খোলার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হন। পরে তাৎক্ষণিক বুদ্ধিমত্তা খাটিয়ে দরজার গ্লাস নামিয়ে তারা একে একে ক্যাবিন থেকে বের হয়ে আসতে সক্ষম হন। এর কিছু সময় পরই উজান থেকে আসা পানির প্রবল স্রোতে পুরো গাড়িটি ধাবমান পানিতে সম্পূর্ণ তলিয়ে যায়।এদিকে দুর্ঘটনার পর চালক মদ্যপ বা ঘুমের ঘোরে গাড়ি চালাচ্ছিলেন কি না- তা নিয়ে স্থানীয়দের মাঝে নানামুখী গুঞ্জন তৈরি হলেও পুলিশ বা দায়িত্বশীল কোনো সূত্র এর সত্যতা নিশ্চিত করেনি। চালক রিয়াদ জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে গাড়িটি নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা করেও তিনি ব্যর্থ হন।

যোগাযোগ করা হলে রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় রেকার আনিয়ে পানির নিচে তলিয়ে যাওয়া গাড়িটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুর্ঘটনাকবলিত মিনিট্রাকটি যথাযথ প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL