চট্টগ্রামের হাটহাজারীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থানীয় সাংসদ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের নির্দেশে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকাল ৪টার দিকে হাটহাজারী উপজেলা নাঙ্গলমোড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইব্রাহীম মার্কেট এলাকায় দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির আহবায়ক ও চমেক হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য লায়ন ড. সালাউদ্দীন আলীর সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি'র প্রতিষ্ঠাতা সদস্য মনির আহম্মদ, যুগ্ম আহ্বায়ক সেলিম হাসান, সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আবছার আক্তার, বিএনপির নেতা আলমগীর রানা, নজরুল ইসলাম বাবুল, আবুল হাসেম, আবুল কাসেম বাছা, আব্দুল মান্নান, তাজুল ইসলাম হৃদয়, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুনুর রশিদ, রবিউল আলম বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বখতিয়ার ইসলাম বাচ্চু, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান, ওলামা দলের নেতা মোহাম্মদ রফিক, সাবেক ছাত্রনেতা সাংবাদিক আরমান, গাজী বাবুল, উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক গাজী রাসেল, মোহাম্মদ সেকান্দর, ছাত্রদলের সহ-সভাপতি আলী মোহাম্মদ বশির আল হেলাল, সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় সভাপতির বক্তব্যে লায়ন ড. সালাউদ্দিন আলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাটহাজারী সফর আমাদের জন্য অত্যন্ত গৌরবের। তাঁর আগমনকে স্মরণীয় ও সফল করতে নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। দলের প্রতিটি নেতাকর্মীকে শৃঙ্খলা, ঐক্য ও দায়িত্বশীলতার সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, হাটহাজারীতে প্রধানমন্ত্রীর আগমন শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এই অঞ্চলের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত একটি ঐতিহাসিক মুহূর্ত। তাই দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ আন্তরিকতা ও সাংগঠনিক শক্তি নিয়ে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।
এছাড়া সভায় উপস্থিত নেতৃবৃন্দ ৯ আগস্টের কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা, গণমিছিল, জনসমাগম, স্বেচ্ছাসেবক টিম গঠন, প্রচার-প্রচারণা এবং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর সফর সর্বাত্মকভাবে সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।