চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা একটি পাকা স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার উপজেলার মেখল ইউনিয়নের সাত্তারঘাট ব্রিজ সংলগ্ন রাস্তার পার্শ্ববর্তী জমিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাস্তার পার্শ্ববর্তী সরকারি জায়গায় অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পায় প্রশাসন। পরে সেখানে অভিযান চালিয়ে নির্মাণাধীন স্থাপনাটি ভেঙে দেওয়া হয়। প্রাথমিক হিসেবে উদ্ধারকৃত জায়গার বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, সরকারি সম্পত্তি রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে উপজেলা প্রশাসন। অবৈধ দখলের খবর পাওয়ামাত্রই আমরা ব্যবস্থা নিয়েছি। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এদিকে, অভিযানের সময় পার্শ্ববর্তী এলাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গাতেও কিছু অবৈধ স্থাপনা দেখা যায়। এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত সড়ক ও জনপথ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।