শিরোনামঃ

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ২ বসতঘর, আহত ১

মো. সাহাবুদ্দীন সাইফ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ
ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ

চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জোবরা গ্রামের সহয্যা পাড়া এলাকার মিয়া বাপের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বসতঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দুই ভাই মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ আব্দুস ছালাম। ঘর থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে শাহ আলম (৫০) গুরুতর আহত হয়েছেন। স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, ভোরে পরিবারের সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন শাহ আলমের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত পাশের ভাই আব্দুস ছালামের ঘরেও ছড়িয়ে যায়, যেখানে ভাড়াটিয়ারা বসবাস করছিলেন। আহত শাহ আলমের স্ত্রী ডলি আক্তার জানান, সকালে রান্নাঘরের দিকে আলো দেখে আমার ঘুম ভাঙে। মুহূর্তের মধ্যে দেখি আগুন দাউদাউ করে জ্বলছে। রান্নাঘরের গ্যাসের চুলা ও সিলিন্ডার অক্ষত থাকলেও কীভাবে আগুন লাগল তা বুঝতে পারছি না। কোনো আসবাবপত্র বের করার সুযোগ পাইনি আমরা। তিনি আরও জানান, ঘর থেকে প্রাণ বাঁচিয়ে বের হওয়ার সময় শাহ আলমের ডান পায়ের হাড় ভেঙে যায়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এদিকে আগুনের খবর পেয়ে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে নিজস্ব প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। অগ্নিকাণ্ডে আসবাবপত্রসহ ঘরের সবকিছু পুড়ে যাওয়ায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি দুর্জয় শাহ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এদিকে মাথাগোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। বর্তমানে তারা সরকারি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL