চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডেঙ্গুর বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে উপজেলা স্থাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) চরপাথরঘাটা পাবলিক স্কুল ও আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজে পৃথক দুটি সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ছাত্র-ছাত্রী,অভিভাবক ও শিক্ষক এলাকার সচেতন জনসাধারণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত উভয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা কেয়া।
এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গুর লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধে করণীয় বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সচেতন করা হয়। একই সঙ্গে বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
চরপাথরঘাটা পাবলিক স্কুলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি প্রতিটি পরিবার ও নাগরিকের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব কিংবা যেকোনো স্থানে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, চরপাথরঘাটা ইউনিয়নকে ডেঙ্গুর ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে এ এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা কেয়া বলেন, এডিস মশা পরিষ্কার ও স্থির পানিতে বংশবিস্তার করে। জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ও গিঁটে ব্যথা, বমি কিংবা শরীরে লালচে দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত। তিনি মশারি ব্যবহার, পূর্ণহাতা পোশাক পরিধান এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেন।
চরপাথরঘাটা পাবলিক স্কুলের সভাপতি আলাউদ্দিন আহমেদ চৌধুরী শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন,গিয়াস উদ্দিন ফারুকী, চরপাথরঘাটা ইউপির সাবেক ভারপ্রাপ্ত
চেয়ারম্যান এম. এ.মহিউদ্দিন, ইউপি সদস্য সাইফুদ্দিন মানিক, এস. এম. রাশেদ চৌধুরী, আলী হোসেন, মো. ফরিদ, মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী, আয়শা আক্তার মেম্বার, নজরুল ইসলাম এবং ইউনিয়ন স্বাস্থ্যকর্মী আলতাজ বেগম উপস্থিত ছিলেন।
অন্যদিকে, আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত দ্বিতীয় সচেতনতামূলক সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আজিম আলী। সমাবেশে আরও উপস্থিত ছিলেন শাহাজাহান ফারুকী, এম. এস. সালাম, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এম. এ. মহিউদ্দিন, তাহের মেম্বার, আনোয়ার হোসেন মেম্বার, আয়শা মেম্বার এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মনজুর আলম।
সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কর্ণফুলীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও জনবহুল এলাকায় ধারাবাহিকভাবে সচেতনতামূলক সভা, পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।