শিরোনামঃ

বিয়ের প্রলোভনে ধর্ষণ: গ্রেপ্তার এনসিপি নেতা জয়

কলেজছাত্রীর মামলায় হালিশহর থেকে আটক; আদালতে প্রেরণ, অভিযোগ নিয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি এনসিপি

আবু শাহাদাত নয়ন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) রাতে নগরের হালিশহর থানার বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সবুজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, চান্দগাঁও থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামি হিসেবে আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চট্টগ্রাম আগ্রাবাদ মহিলা কলেজের একাদশ বা দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আফতাব ওই শিক্ষার্থীকে বিয়ের আশ্বাস দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ১৪ জুলাই রাতে চান্দগাঁও এলাকার ‘সুইট প্যালেস’ নামে একটি আবাসিক হোটেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আফতাব। পরবর্তীতে ভুক্তভোগী বিয়ের বিষয়ে চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, পরে অনুসন্ধান করে ভুক্তভোগী জানতে পারেন, আফতাব মজুমদার জয় আগে থেকেই বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। বিষয়টি জানার পর তিনি আইনের আশ্রয় নেন।
এ ঘটনায় গত ১৯ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন দমন আইনে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাতে হালিশহর এলাকা থেকে আফতাবকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে বক্তব্য জানতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং এর সহযোগী সংগঠন যুবশক্তির দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, মামলায় আনা অভিযোগ বর্তমানে তদন্তাধীন। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আইনগতভাবে অভিযুক্ত ব্যক্তি নির্দোষ হিসেবে বিবেচিত হন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL