বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বহুল আলোচিত ৬ রাবার শ্রমিক অপহরণ মামলার মূল পরিকল্পনাকারী, মাদক মামলায় সাজাপ্রাপ্ত এবং নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলার পলাতক আসামি মিজানুর রহমান (২৬)-কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
তাকে মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদর থানার জানারঘোনা পাওয়ার হাউস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। তারা মিজানুর রহমানকে গ্রেফতার করে এ অভিযানে। আটক ব্যক্তি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আহমদ হোসেনের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, গত ৩ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলীক্ষ্যং এলাকার বরইঝিরি নামক স্থানে একটি রাবার বাগানের স্টাফ ঘর থেকে অস্ত্রধারী দুষ্কৃতিকারীরা ৬ জন রোহিঙ্গা শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। পরে অপহৃতদের পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহৃতদের ওপর শারীরিক নির্যাতনও চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর নাইক্ষ্যংছড়ি থানায় একটি নিয়মিত অপহরণ মামলা দায়ের করা হয়। মামলাটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করলে র্যাব-১৫ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং অভিযুক্তদের শনাক্তে অভিযান জোরদার করে।
র্যাবের দাবি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও নিবিড় নজরদারির মাধ্যমে অপহরণ সিন্ডিকেটের নেতৃত্বদানকারী মিজানুর রহমানের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
র্যাব আরও জানিয়েছে, গ্রেফতারকৃত মিজানুর রহমান মাদক মামলায় সাজাপ্রাপ্ত এবং নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত আসামি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।