"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ির পানছড়িতে পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬।
রবিবার (১৬ আগস্ট) সকালে পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সফল মৎস্য খামারিদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পানছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান উচিৎমনি চাকমা এবং পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ এম আবুল বাশার।
আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখা এবং সফলভাবে মাছ উৎপাদন করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করায় ৩টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন— পানছড়ির সফল মৎস্য খামারি আবু তালেব, মোঃ মহিন উদ্দিন এবং শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠান হিসেবে 'পানছড়ি মায়াবিনী মৎস্য সমবায় সমিতি'।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারহানা নাসরিন বলেন, "দেশের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও খামারিদের আত্মনির্ভরশীল করতে মৎস্য খাতের অবদান অপরিসীম। আধুনিক ও প্রবাসবান্ধব বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বাড়াতে সরকার প্রান্তিক খামারিদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।"
অনুষ্ঠানে পানছড়ি উপজেলার সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, উপজেলার সর্বস্তরের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মৎস্য খামারি এবং স্থানীয় সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।