জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ মজুদের অপরাধে পানছড়ির দুটি ওষুধ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনের সার্বিক পরিচালনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা ও স্থানীয় বাজারে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ‘জনপ্রিয় ফার্মেসি’ থেকে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে মেয়াদ পার হওয়া ওষুধ ও চিকিৎসকদের জন্য সংরক্ষিত স্যাম্পল সংগ্রহের অভিযোগ ছিল। একই অভিযানে বাজারের ‘শেফালী ট্রেডার্স’ নামের অপর এক ফার্মেসিতে মেয়ারোত্তীর্ণ ওষুধ মেলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা বলেন, "জনপ্রিয় ফার্মেসিকে এর আগেও বারবার নিয়ম মেনে চলার জন্য সতর্ক করা হয়েছিল, কিন্তু তারা সেটি অমান্য করে আসছিল।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এবং ভেজাল বা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি রোধে এ ধরনের নিয়মিত মনিটরিং ও অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন পানছড়ি থানার সাব-ইন্সপেক্টর সুজায়েত হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর মাকসুদুর রহমান এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদল।