খাগড়াছড়ির পানছড়িতে গর্ভকালীন স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ প্রসব, শিশু স্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে ৩ সপ্তাহব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়ি সাব-জোনে রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় পানছড়ি আর্মি ক্যাম্পের হলরুমে এ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মোট ৩৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানছড়ি সাব-জোন কমান্ডার ক্যাপ্টেন আশিকুর রহমান এবং মেডিকেল অফিসার তানজিম ইসলাম অর্ণব।
অনুষ্ঠানে বক্তারা জানান, পার্বত্য দুর্গম এলাকার পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং গর্ভকালীন নানা জটিলতা নিরসনে এই ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। এ প্রশিক্ষণে ৪ থেকে ৫ জন বিশেষজ্ঞ প্রশিক্ষক ৩ সপ্তাহব্যাপী অংশগ্রহণকারীদের বিস্তারিত প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণে গর্ভকালীন সময়ে করণীয়, সুষম খাদ্য গ্রহণ, হাসপাতালে স্থানান্তরের সঠিক সময় নির্বাচন, প্রসবকালীন ও প্রসবপরবর্তী ঝুঁকি এবং শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিষয়সমূহ শেখানো হবে।
সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, "এ প্রশিক্ষণের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো দুর্গম এলাকার মানুষকে হাসপাতালমুখী করা এবং প্রাথমিক চিকিৎসার জ্ঞান ছড়িয়ে দেওয়া। পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (UH&FPO) সাথে সমন্বয় রেখে ইন্টিগ্রেটেড বা সমন্বিত প্রক্রিয়ায় এই প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা নিজেদের ও আশেপাশের গর্ভবতী মা ও শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।"
সেনাবাহিনীর এই ধরণের জনকল্যাণমূলক ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডে স্থানীয় সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।