শিরোনামঃ

পেকুয়ায় কবির আহমদ চৌধুরী বাজারে তিন দোকানে চুরি

নাজিম উদ্দিন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারে (পেকুয়া বাজার) একই রাতে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে পেকুয়া বাজারের ইউনিয়ন পরিষদ সড়কে ছাদেকের ভাঙারির দোকান, পাশের রুহুল আমিনের মুরগির দোকান এবং পরিষদ সংলগ্ন শওকত আলীর মুদির দোকানে এ চুরির ঘটনা ঘটে।

ভাঙারির দোকানের কর্মচারী মোবারক জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান দোকানের সিসিটিভি ক্যামেরা নষ্ট অবস্থায় পড়ে আছে। পরে দেখা যায়, দোকানের পেছনের টিনের বেড়া কেটে চোরের দল ভেতরে প্রবেশ করে। এ সময় দোকান থেকে প্রায় ৪০ কেজি তামা ও ৭ কেজি জয়েন চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা।

তিনি আরও জানান, ঘটনার রাতে তারা চারজন দোকানে ঘুমিয়ে ছিলেন। প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে পড়েন তারা। রাত ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে ওঠার সময়ও তিনি দেখতে পান সিসিটিভি ক্যামেরা সচল ছিল।

ভুক্তভোগী রুহুল আমিন বলেন, রাতে তার মুরগির দোকানে কেউ থাকেন না। চোরেরা দোকানঘরের পেছনের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। পরে ক্যাশের তালা ভেঙে সেখানে থাকা ৩-৪ শত টাকা নিয়ে যায়।

এদিকে, শওকত আলীর মুদির দোকানে গিয়ে দোকানটি বন্ধ পাওয়া যায়। তার মুঠোফোনও বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে পাশের এক দোকানদার জানান, শওকত আলীর দোকান থেকে নগদ টাকা, সৌরবিদ্যুতের ব্যাটারি, তেলসহ আরও কিছু মালামাল চুরি হয়েছে।

শওকত আলীর শ্বশুর শাহজাহান বলেন, তেমন কিছু চুরি হয়নি। আপাতত নিউজ করিয়েন না। ছাদেকের সঙ্গে যোগাযোগ করুন।
এদিকে সকালে পুলিশ অভিযান চালিয়ে মুজিব ও জাহেদ নামে দুইজনকে আটক করেছে। তারা পৌরসভার বাইম্যাখালী এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছেন, তাদের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ আছে। তবে পেকুয়া বাজারের চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততা নেই।

একই রাতে পাশাপাশি তিনটি দোকানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL