কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে শাওরিন সোলতানা আঁখি (২১) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকালে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় তাঁর পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজ শাওরিন সোলতানা আঁখি রাজাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর সুন্দরীপাড়ার বাসিন্দা মো. আজমগীরের মেয়ে। তিনি রাজাখালী ফৈয়জুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং এবার এইচএসসি ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছেন।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে শাওরিন পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরীক্ষা শেষে দুপুরের দিকে তাঁর বাড়ি ফেরার কথা থাকলেও তিনি আর ফেরেননি। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
পরে শাওরিনের বাবা মো. আজমগীর বাদী হয়ে রাতে পেকুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার জিডি নম্বর ১০৩৩/২৬। পরিবারের পক্ষ থেকে তাঁর সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে।
শাওরিনের নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাঁর সন্ধান পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছে পরিবার।
নিখোঁজ শাওরিন সোলতানা আঁখির সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তাঁর পরিবারের সঙ্গে ০১৮২৪-৪০৩০২৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মেহেদী হাসান জানান, কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে জিডি করেছেন। বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে।