কক্সবাজারের পেকুয়ায় বসতভিটা বণ্টনকে কেন্দ্র করে নাতির হামলায় বয়োবৃদ্ধ দাদাসহ তিনজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের নতুনঘোনা পেকুয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পেকুয়ার চর এলাকার নওশা মিয়া (৯০), তাঁর দুই ছেলে নুরুল আলম (৪৭) ও নুর মুহাম্মদ (৪৫)। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত নুর মুহাম্মদ জানান, শুক্রবার সকালে পৈতৃক বসতভিটা বণ্টনের জন্য পরিমাপের কাজ চলছিল। বাবার জীবদ্দশায় ভাইদের মধ্যে বসতভিটা ভাগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। বণ্টনের সময় তাঁর বড় ভাই শফিউল আলম বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শফিউল আলম, তাঁর ছেলে শিফাত ও শাহিন আলম বৃদ্ধ বাবার ওপর হামলা চালান। এ সময় তাঁদের দুই ভাইও আহত হন বলে তিনি দাবি করেন।
নওশা মিয়া বলেন, আমি বৃদ্ধ মানুষ। জীবদ্দশায় ছেলেদের জন্য বসতভিটা বণ্টন করে দিতে চেয়েছিলাম। কিন্তু সেটিই আমার জন্য কাল হলো। বৃদ্ধ বয়সে ছেলে ও নাতির মারধরের শিকার হয়েছি।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে শফিউল আলম বলেন, বাবাকে মারধর করা হয়নি। বাবা আমাকে লাঠি দিয়ে কয়েকটি আঘাত করেছেন। বাবা হিসেবে তিনি আমাকে মারতেই পারেন, এতে আমার কোনো অভিযোগ নেই। বাবা হোঁচট খেয়ে মাটিতে পড়ে সামান্য আঘাত পেয়েছেন।
তিনি আরও বলেন, নুর মুহাম্মদ ও নুরুল আলম আমার এক ছেলেকে মারধর করেছে এবং পুকুরে চুবিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। ছেলেকে বাঁচাতে গিয়ে ভাইদের সঙ্গে সামান্য হাতাহাতি হয়েছে।
এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।