কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের আলেকদিয়া কাটায় বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এতে দীর্ঘদিনের নদীভাঙন ও জোয়ারের পানির ঝুঁকি থেকে স্থানীয়দের স্বস্তি ফেরার আশা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। তিনি জানান, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর নির্দেশনায় প্রায় সাড়ে ১৭ চেইন দৈর্ঘ্যের এই বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক বলেন, দীর্ঘদিন ধরে জোয়ারের পানি ও নদীভাঙনের কারণে আলেকদিয়া কাটাসহ আশপাশের বসতবাড়ি ও কৃষিজমি মারাত্মক ঝুঁকির মধ্যে ছিল। প্রতি বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যেত। একটি টেকসই বেড়িবাঁধ ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।
তিনি আরও বলেন, এই বেড়িবাঁধ নির্মাণ কাজ শেষ হলে এলাকাটি ভাঙন ও জলাবদ্ধতা থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে।
এ ব্যাপারে সদর ইউনিয়নের চেয়ারম্যান এম বাহাদুর শাহ বলেন, এলাকাবাসীর দুর্ভোগ কমাতে এবং ভাঙনের হাত থেকে জনপদ রক্ষায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কাজটি সম্পন্ন হলে হাজারো মানুষ উপকৃত হবেন।
উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।