বোয়ালখালীতে উপজেলা সদরে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ দুই যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে এসে দুপুর পৌনে ১টার সময় গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ত্যাগ করে নতুন থানা কার্যালয়ের সামনে এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেল লাইন ঘেঁষে পার্কিং করা একটি সিএনজি চালিত টেম্পোর সাথে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণ হয়। এতে টেম্পোর একাংশ কেটে গেছে। একই সাথে ট্রেনটি একটি দরজা খুলে পড়েছে। এসময় ট্রেনে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছে। তবে ট্রেনটি চলে গেছে।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাষ্টার আনোয়ারুল তারেক বলেন, ঘর্ষণে ফলে বিরতিহীন ট্রেনটির ৬টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া ট্রেনে থাকা শিশুসহ ২ জন যাত্রী আহত হয়েছেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় দায়ী টেম্পোটি (চট্টমেট্রো ফ ১১-০৪১৬) ও খুলে পড়া ট্রেনের দরজাটি আমরা হেফাজতে রেখেছি। রেলওয়ের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একই স্থানে পার্কিং করা একটি ব্যাটারি চালিত অটোরিকশা এবং মোটর সাইকেল ট্রেনের ধাক্কায় চুরমার হয়েছে বলে জানান স্থানীয়রা।