চট্টগ্রামের বোয়ালখালীতে দোকানের পেছনের টিন কেটে চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় সাকিল টেলিকমে এ ঘটনা ঘটে।
দোকানের মালিক সাকিল জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দোকান খুলতে এসে পেছনের টিন কাটা দেখতে পান।
তিনি বলেন, দোকানের ক্যাশ ভেঙে প্রায় ৪০ হাজার টাকা এবং প্রায় তিন হাজার টাকার সিগারেট নিয়ে গেছে চোরেরা।
এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান দোকান মালিক।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।