দীর্ঘ প্রতীক্ষার পর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাটবাসীর জন্য চালু হলো বহুল প্রত্যাশিত রানীরহাট টু চট্টগ্রাম টাইগারপাস ক্লোজডোর বাস সার্ভিস। চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির ব্যবস্থাপনায় এবং রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির সার্বিক সহযোগিতায় চালু হওয়া এ সার্ভিসে স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মাঝে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে রানীরহাট বাস কাউন্টারের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সার্ভিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী।
নতুন এ বাস সার্ভিস চালু হওয়ায় স্থানীয় যাত্রীরা জানান, আগে রানীরহাট থেকে চট্টগ্রাম শহরে যেতে হলে একাধিক যানবাহন পরিবর্তন করতে হতো, এতে সময় ও ভোগান্তি দুটোই বাড়ত। এখন সরাসরি ক্লোজডোর বাসে চট্টগ্রাম শহরের টাইগারপাস পর্যন্ত যাতায়াতের সুযোগ তৈরি হওয়ায় যাত্রীদের দুর্ভোগ অনেকাংশে কমবে।
যাত্রীরা রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতি ও চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই উদ্যোগ সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা গেছে, প্রতিদিন সকাল ৭টা ২০ মিনিটে রানীরহাট থেকে বাসটি চট্টগ্রামের টাইগারপাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে। একইভাবে বিকেল ৫টায় টাইগারপাস থেকে বাসটি রানীরহাটের উদ্দেশ্যে ফিরবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, অর্থ সম্পাদক ইউছুপ কামাল তালুকদার, ইসলামপুর বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার, রাউজান পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আবদুল্লাহ আল আনিসুর জামান সোহেল। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন হিরা।
এসময় আরও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি আবদুর রহমান, সহ-সভাপতি দিদারুল আলম মেম্বার ও সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম মাস্টার, সহ-সাধারণ সম্পাদক বিভাষ কান্তি সাহা ও ইমতিয়াজ উদ্দিন রুবেল, চট্টগ্রাম রাঙ্গামাটি বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলী আকবর, কার্যকরী সভাপতি মো. সেলিমসহ মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।
নতুন এই পরিবহন সেবা চালুর ফলে রাঙ্গুনিয়ার রানীরহাট ও আশপাশের এলাকার মানুষের চট্টগ্রাম শহরমুখী যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।