চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।
গত ২২ জুন পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সংঘটিত অগ্নিকাণ্ডে মাস্টার অসিম দাশের বাড়িসহ দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের স্থানীয় দায়িত্বশীলরা।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ জুন) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিতে ঘটনাস্থলে যান রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ ও সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন। এ সময় পারুয়া ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপজেলা জামায়াতের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সঙ্গে ফোনে কথা বলে সমবেদনা ও সান্ত্বনা জানান ডা. এটিএম রেজাউল করিম।
উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বলেন, দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্বের অংশ। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন তারা।