রামু থানা পুলিশ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন গুলিসহ ১জনকে আটক কেরছে। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি মোবাইল জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) নিক্সন চৌধুরীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কাউয়ারখোপ ইউনিয়নের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
অভিযান চলাকালে পুলিশের থামার সংকেত অমান্য করে একটি মিনি পিকআপ দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গাড়িটিকে ধাওয়া করে রামু থানার সামনে মরিচ্যাগামী সড়কের হাজারীকুল এলাকায় আটক করা হয়।
তল্লাশির সময় চালকের আসনের স্টিয়ারিংয়ের নিচে ব্রেকের পাশের পাদানির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার করা হয় মো. সোহেল (২৭) নামে এক ব্যক্তিকে। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র, গুলি, মিনি পিকআপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।