চট্টগ্রামের সন্দ্বীপে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার দায়ে দুইটি রেস্টুরেন্টকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জুলাই) উপজেলার সেনের হাট এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সেনের হাট এলাকার ‘কাচ্চি ডাইন’ এবং ইসলাম সাহেবের খামারবাড়ি সংলগ্ন ‘বে ভিউ রেস্টুরেন্ট’-এ অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার সত্যতা পাওয়া যায়। এ অপরাধে দুই প্রতিষ্ঠানকে পৃথকভাবে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান পরিচালনায় সন্দ্বীপ থানা পুলিশের সদস্যদের পাশাপাশি উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।