চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত ১৪৫ পরিবারের মাঝে শর্তহীন নগদ অর্থ, হাইজিন কিটস বিতরণ এবং ওয়াশ (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি) বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কারিতাস বাংলাদেশ।
বাজালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহায়তায় পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বন্যা ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। কারিতাস বাংলাদেশের এ উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে। পাশাপাশি ওয়াশ সচেতনতা মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল সূত্র জানায়, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন বিবেচনায় শর্তহীন নগদ অর্থ সহায়তা, হাইজিন কিটস বিতরণ এবং নিরাপদ পানি ব্যবহার, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উপকারভোগী রোকেয়া বেগম জানান, দুর্যোগে ঘরবাড়ি ও জীবিকা ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা কঠিন সময় পার করছেন। এমন সহায়তা তাদের জরুরি প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাজালিয়া ইউনিয়ন বিএনপি নেতা আনিছুর রহমান সিকদার বলেন, দুর্যোগ পরবর্তী সময়ে শুধু খাদ্য সহায়তা নয়, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা এবং নগদ অর্থ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করে।
এ সময় কারিতাস বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।