চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র কেরানীহাটে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নির্মাণাধীন অর্কিড হক স্কয়ারের উপরে আদালতের নিষেধাজ্ঞা সংক্রান্ত ব্যানার টাঙিয়েছেন ওয়ারিশদের একাংশ। এতে ওই জায়গা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ওই জায়গার মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে ওয়ারিশদের মধ্যে বিরোধ চলে আসছে। এরই মধ্যে বিরোধপূর্ণ জায়গা নিয়ে আদালতে মামলা গড়ায়। মামলার প্রেক্ষিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে দাবি করে ওয়ারিশদের একাংশ অর্কিড হক স্কয়ারের উপরে ব্যানার টাঙিয়ে দেন।
ব্যানারে আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করে বিরোধপূর্ণ জায়গায় কোনো ধরনের নির্মাণ, হস্তক্ষেপ কিংবা দখলসংক্রান্ত কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে বলে জানা গেছে। এদিকে, কেরানীহাটের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় জায়গা নিয়ে বিরোধের ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা চলছে।
ওয়ারিশদের একাংশের দাবি, আরএস ৭৫৩ নম্বর খতিয়ানের অরএস ২৩৭২ দাগের সামিল বিএস ৪৫৫ নম্বর খতিয়ানের বিএস ৫৫৫৭ দাগের আব্দর ৮.৫৫ শতক ভূমি নিয় সাতকানিয়া সিভিল জজ আদালতে অপর-১১৪৪/২০২৬ নম্বর মামলা আনয়ন করা হয়। উক্ত মামলায় বিগত (৩০ জুন) ২ নম্বর আদেশমতে ১ থেকে ৭ নম্বর বিবাদীকে কোনরূপ কাঁচা-পাকা স্থাপনা নির্মাণের মাধ্যমে ভূমির রূপ পরিবর্তন ও ভিন্ন ব্যক্তির নিকট হস্তান্তর না করার জন্য নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেছেন। তাই উক্ত ভূমির রূপ পরিবর্তন বা হস্তান্তর না করার জন্য অনুরোধ করছি। কেউ এই নিষেধাজ্ঞার আদেশ অমান্য করলে আদালত নির্দেশনা অমান্যের অভিযোগে অভিযুক্ত হবেন।
এ বিষয়ে জানতে চাইলে বিবাদী পক্ষের মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, এখনো পর্যন্ত আমার কাছে আদালতের নিষেধাজ্ঞার কাগজ আসেনি। আর তারা যদি জায়গা পেয়েও থাকে আমার কোন আপত্তি নেই। কিন্তু জায়গাটা আসলে কোথায় সেটি তাদেরকে আগে খুঁজে বের করে দিতে হবে।