শিরোনামঃ

বন্যাদুর্গতদের প্রশংসায় ইউএনও, এসিল্যাণ্ড ও স্বাস্থ্য কর্মকর্তা

আরিফুল ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং জরুরি স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত দে। 

বন্যার শুরু থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানিবন্দি মানুষের পাশে দাঁড়ায় উপজেলা প্রশাসন। ইউএনও এবং এসিল্যাণ্ডের নেতৃত্বে দুর্গম এলাকায় নৌকাযোগে উদ্ধার অভিযান পরিচালনা করে পানিবন্দি পরিবারের সদস্যদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়া হয়। এ ছাড়াও শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রশাসনের কর্মকর্তারা নিয়মিত আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে বন্যাদুর্গত মানুষের প্রয়োজনীয়তা যাচাই এবং তাৎক্ষণিক সহায়তার ব্যবস্থা করেন।

অন্যদিকে, বন্যার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ইউনিয়নে মেডিকেল টিম গঠন করে চিকিৎসাসেবা জোরদার করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একাধিক মেডিকেল টিম গঠন করে দুর্গত এলাকায় পাঠানো হয়। তারা জ্বর, ডায়রিয়া, চর্মরোগ, সাপের কামড়সহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে আক্রান্ত মানুষের চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন।

জানা গেছে, বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত এবং সরকারি সহায়তা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে। একই সঙ্গে স্বাস্থ্য বিভাগ বন্যা পরবর্তী রোগবালাই প্রতিরোধে নজরদারি ও চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, দুর্যোগের শুরু থেকে শেষ পর্যন্ত উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগ বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করেছে। উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবায় ইউএনও, এসিল্যাণ্ড এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বশীল ভূমিকা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

সাতকানিয়া উপজেলার বাসিন্দা আনিছুর রহমান বলেন, দুর্যোগের সময় প্রশাসনের কর্মকর্তাদের দিন-রাত মাঠে কাজ করতে দেখেছি। স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরাও দ্রুত চিকিৎসাসেবা দিয়েছেন। তাদের আন্তরিকতা মানুষের মধ্যে আস্থা সৃষ্টি করেছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL