দেশের অন্যতম ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ অবশেষে পরিষ্কার করতে অভিযান শুরু করেছে বারইয়ারহাট পৌরসভা কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকেই মহাসড়কের পাশে জমে থাকা বর্জ্য অপসারণের কাজ শুরু করা হয়।
এর আগে উপজেলার প্রায় ২৮ কিলোমিটার অংশের একাধিক স্থানে রাতের আঁধারে পৌর কর্মীদের ফেলা বর্জ্য পচে তীব্র দুর্গন্ধের সৃষ্টি হচ্ছিল। এতে পথচারী ও দূরপাল্লার যাত্রীদের দীর্ঘদিন ধরে নাক চেপে যাতায়াত করতে হচ্ছিল। একই সঙ্গে সড়কের একাংশ বর্জ্যে দখল হয়ে থাকায় ওই এলাকায় সড়ক দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
আজ দুপুরে পরিচ্ছন্নতা কার্যক্রম সরজমিনে পরিদর্শনে যান মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার প্রকৌশলী সমর মজুমদারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্জ্য অপসারণ কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন এবং পরবর্তীতে যেন মহাসড়কের পাশে উন্মুক্ত স্থানে এভাবে ময়লা না ফেলা হয়, সে বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা প্রদান করেন।
স্থানীয় বাসিন্দা ও মহাসড়কে চলাচলকারী চালকরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তাঁরা সাময়িক পরিষ্কারের পাশাপাশি স্থায়ী ডাম্পিং স্টেশন স্থাপন করে দুর্গন্ধ ও দুর্ঘটনা মুক্ত যোগাযোগের পরিবেশ গড়ে তোলার দাবি জানান।