চট্টগ্রামের হাটহাজারীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে তিন যুবককে মাদক সেবনের অপরাধে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (২১ মে) উপজেলার ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেইট এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত তিন যুবক ওই এলাকায় মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করছে। এই অপরাধে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত ৩ জনের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— হাটহাজারী উপজেলার ফতেপুর এলাকার মো. আমিনের ছেলে মো. সুজন (২২), হাটহাজারী সদরের মো. জাফরের ছেলে মো. সুলেমান (৩৫) এবং ফতেপুর এলাকার কাজল মিয়ার ছেলে মো. বেলাল মিয়া (২০)।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, মাদকের বিরুদ্ধে এবং জনস্বার্থে প্রশাসনের এ ধরনের আইনগত ব্যবস্থা ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের সাজা পরোয়ানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।