চট্টগ্রামের হাটহাজারীতে ভূমিসেবা সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যতিক্রমী এক ‘গণশুনানি’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাটস্থ ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে ফরহাদাবাদ ও ধলই ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে এই বিশেষ গণশুনানির আয়োজন করে উপজেলা ভূমি অফিস। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি’র বিশেষ নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত ভূমিসেবা সহজীকরণ, দালালমুক্ত প্রশাসন এবং সরকারি কাজে জবাবদিহিতা নিশ্চিত করতেই প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে পর্যায়ক্রমে এই নিয়মিত গণশুনানির আয়োজন করা হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। গণশুনানিতে আসা সেবাপ্রার্থীরা সরাসরি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে ভূমি সংক্রান্ত নামজারি, খাজনা, সীমানা বিরোধ ও বিবিধ জটিলতা তুলে ধরেন। এসময় অসংখ্য অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হয় এবং জটিল বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ তালিকাভুক্ত করে প্রক্রিয়াধীন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, জনগণ এখন থেকে ভূমি অফিসে না এসেও সরাসরি কর্মকর্তাদের কাছে তাদের সমস্যার কথা বলতে পারছেন। সেবার মান বাড়াতে এবং হয়রানি বন্ধে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে এই গণশুনানি নিয়মিত চলবে। সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, ভূমিসেবায় কোনো প্রকার অনিয়ম বা দীর্ঘসূত্রতা বরদাশত করা হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সরাসরি অভিযোগ জানাতে পেরে এবং তাৎক্ষণিক সমাধান পেয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।