চট্টগ্রামের হাটহাজারীতে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বিশেষ অভিযান চালিয়ে ‘রাহুল মেডিকেল হল’ নামক একটি ফার্মেসিকে ড্রেনে আবর্জনা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করে ইউএনও গণমাধ্যমকে জানান, বর্ষা মৌসুমের আগেই বাজারের জলাবদ্ধতা সমস্যা দূর করতে কাটিরহাট বাজারের বিভিন্ন ড্রেন ও নালা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করা হয়। এসময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বশীলদের ড্রেন সচল রাখতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়েছে। পরিদর্শনকালে বাজারের ব্যবসায়ীদের সচেতন করে বলা হয়, দোকানের ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং কোনোভাবেই ড্রেনে ফেলা যাবে না। অভিযান চলাকালীন দেখা যায়, ‘রাহুল মেডিকেল হল’ তাদের দোকানের আবর্জনা সরাসরি সামনের ড্রেনে ফেলে নালার স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছে। এছাড়া প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় লাইসেন্স ও নথিপত্রে ঘাটতি থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরো বলেন, জলাবদ্ধতা নিরসন ও জনস্বাস্থ্য সুরক্ষায় বাজারের ড্রেনগুলো পরিষ্কার রাখা জরুরি। কেউ যদি যত্রতত্র ময়লা ফেলে নালার মুখ বন্ধ করে দেয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।