শিরোনামঃ

অপরাধীর কোনো দল নেই, দলের কেউ জড়ালে আইন হবে ১০ গুণ শক্তিশালী: প্রতিমন্ত্রী মীর হেলাল

মো. সাহাবুদ্দীন সাইফ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ
ছবি: মো. সাহাবুদ্দীন সাইফ

দেশের প্রতিটি এলাকাকে অপরাধমুক্ত ও সুখী-সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে বর্তমান গণতান্ত্রিক সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অপরাধীর কোনো দল নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজে কেউ জড়িত হলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এমনকি দলীয় পরিচয় ব্যবহার করে কেউ অপরাধে জড়ালে তার বিরুদ্ধে সাধারণের চেয়ে ১০ গুণ বেশি শক্তিশালী আইন প্রয়োগ করা হবে। আজ মঙ্গলবার চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা প্রাঙ্গণে অতিদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী মীর হেলাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, আপনারা কোনো তদবির শুনবেন না। অপরাধী যেই হোক, আইনানুগ ব্যবস্থা নিন। যদি আমার কোনো লোক কোনো অপরাধীর পক্ষে সুপারিশ করে, তবে সরাসরি আমাকে জানাবেন, আমি তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেব। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলনের দোহাই দিয়ে জনগণের ভোগান্তির কারণ হওয়া যাবে না। অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে তিনি প্রশাসনকে পূর্ণ স্বাধীনতা দেন। উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা বক্তব্যে প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা এমন এক উচ্চতায় দেশকে নিয়ে যেতে চাই, যেখানে বিশ্বের বুকে পাসপোর্ট হাতে নিয়ে আমরা গর্বভরে বলতে পারব আমরা বাংলাদেশী। আমাদের প্রতিটি কর্মকাণ্ডে ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনা ধারণ করতে হবে। এ সময় তিনি বিগত ১৭ বছর ফ্যাসিবাদ, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে লড়াইয়ের কথা স্মরণ করে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, চট্টগ্রামের হাটহাজারী ও বায়েজিদ এলাকাকে যেকোনো মূল্যে সন্ত্রাস ও অপরাধমুক্ত রাখা হবে। চাল বিতরণ অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী হাটহাজারী পৌরসভার শীলছড়ি সড়ক কার্পেটিং উন্নয়ন কাজ ও স্মার্ট এলইডি সড়ক বাতি প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ফরহাদাবাদ ইউনিয়নের ছোট কাঞ্চনপুর সড়কে এইচবিবি নির্মাণ কাজ এবং ফরহাদাবাদ ও ধলই ইউনিয়নে নবনির্মিত একাধিক সেতু ও কালভার্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL