চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ বিভ্রাট, তেল সংকটে অচল হয়ে পড়া দুটি আধুনিক জেনারেটর চালু করতে হাসপাতালে ভ্যানে আসা ২০০ লিটার তেলকে ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হাসপাতালে জরুরি স্বাস্থ্যসেবা সচল রাখতে চরম জ্বালানি সংকটে পড়া আনোয়ারা হাসপাতালে ২০০ লিটার ডিজেল উপহার পাঠিয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করে দাবি করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে একটি ভ্যানে এক ড্রাম তেল নিয়ে আসেন এক ব্যক্তি। তিনি তেল সরবরাহকারী ব্যক্তির নাম-পরিচয় জানাতে না পারায় আমরা তেল গুলো ওই ব্যক্তির কাছ থেকে গ্রহণ করেননি। অজ্ঞাত ব্যক্তির পরিচয় না জানা পর্যন্ত আমরা তেল গুলো নিতে পারব না বলে জানিয়ে দেওয়ার পরই তারা নিজেরাই তেলের ড্রামটি রেখে চলে গেছেন।
তিনি আরও বলেন, ‘জরুরী ভিত্তিতে হাসপাতালের জেনেরটর চালু রাখার জন্য বর্তমান সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এমপি তাঁর ব্যক্তিগত সচিব আকতার নবী সাহেবের মাধ্যমে ৬০ লিটার জ্বালানি তেল পাঠিয়েছেন। পরবর্তীতে এটির স্থানীয় সমাধানের আশ্বাসও দেন তিনি।’
এরআগে বৃহস্পতিবার দুপুরে ২০০ লিটার জ্বালানি (ডিজেল) নিয়ে একটি ভ্যানগাড়ি আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হয়। এরপর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম স্থানীয় সাংবাদিকদের একটি ক্ষুদেবার্তা ও অডিও বার্তায় ২০০ লিটার জ্বালানী তেল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষে পাঠিয়েছেন বলে জানান তিনি।
ক্ষুদে বার্তায় রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম জানায়, ‘সম্প্রতি হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট ও রোগীদের ভোগান্তির বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরও কেউ এগিয়ে না আসায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ রোগীদের কথা চিন্তা করে জরুরী ভিত্তিতে জেনারেটর চালানোর জন্য বৃহস্পতিবার দুপুরে ২০০ লিটার জ্বালানি তেল পাঠানো হয়। এসব তেল দিয়ে ১০ থেকে ১২ দিন পর্যন্ত জেনেরেটর চালানো সম্ভব হবে। এছাড়াও যদি হাসপাতাল কর্তৃপক্ষের জ্বালানি তেলের প্রয়োজন হয় আমরা তা সরবরাহ করব।’
হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১৮ সালে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর ৫ লাখ টাকায় ১০ কেভি ক্ষমতার একটি জেনারেটর সরবরাহ করে। পরে ২০২৪ সালে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ৩০ কেভি ক্ষমতার আরও একটি জেনারেটর দেন হাসপাতালে। তবে জ্বালানি তেলের বরাদ্দ না থাকায় কোনো জেনারেটরই চালু রাখা সম্ভব হচ্ছে না।