কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের সবজীবন পাড়ায় একটি ইট-বালু বিক্রয়কেন্দ্রের ডিপোতে পার্কিং করে রাখা একটি ড্যাম্প ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্ত। এতে ট্রাকটি সম্পূর্ণ পুড়ে যায়। ভুক্তভোগীর দাবি, এ ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ভোররাতে সবজীবন পাড়ার ওই ডিপোতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আমজাদ হোসেন বারবাকিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সবজীবন পাড়ার মৃত জাফর আহমদের ছেলে।
ভুক্তভোগী আমজাদ হোসেন জানান, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ড্যাম্প ট্রাকে আগুন দেওয়া হয়েছে। ডিপোতে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় অগ্নিসংযোগের পুরো ঘটনাটি ধারণ হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখ ও শরীর ঢেকে এক ব্যক্তি ডিপোতে প্রবেশ করে পার্কিংয়ে থাকা ড্যাম্প ট্রাকের পাশে অবস্থান নেয়। প্রায় দুই মিনিট অপেক্ষার পর তিনি ট্রাকে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার সময় ডিপোতে দুইজন কর্মচারী থাকলেও তারা ঘুমিয়ে থাকায় আগুন লাগার বিষয়টি তাৎক্ষণিকভাবে টের পাননি। পরে ট্রাকটি সম্পূর্ণ পুড়ে যায়।
আমজাদ হোসেন বলেন, এটি পরিকল্পিত নাশকতা। পুর্ব শত্রুতার জেরে গাড়িতে আগুন দিয়েছে। আমি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।