কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ঢালারমুখ এলাকায় সাম্প্রতিক বন্যায় জনগুরুত্বপূর্ণ একটি গ্রামীণ সড়ক ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে করে এলাকার কয়েক হাজার মানুষের চলাচলে ভোগান্তিতে পড়েছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, টৈটং হাজিবাজার- ঢালারমুখ সড়কটি সাম্প্রতিক বন্যায় ভেঙে গেছে। এই সড়কটি ৩-৪ হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। প্রতিদিন সড়ক দিয়ে হাজারো মানুষ চলাচল করে থাকে। স্কুল শিক্ষার্থী, কৃষক-শ্রমিক থেকে শুরু করে সবাই যাতায়াত করে এই সড়ক দিয়ে। সড়কটি ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়েছে চলাচল করা জনসাধারণ।
স্থানীয় জসিম উদ্দিন বলেন, এই সড়কটি ঢালারমুখ এলাকার জন্য একটি গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে প্রায় হাজারো মানুষ চলাচল করে। সড়কটি ভেঙে যাওয়ায় আমাদের দুর্ভোগ বেড়েছে। এখন ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।
টৈটং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন, এই সড়কটি স্থানীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ সড়ক। সম্প্রতি বন্যায় সড়কটি ভেঙে যাওয়ায় স্কুল শিক্ষার্থী, পথচারী থেকে শুরু করে সবাই দূর্ভোগে পড়েছে। এতে করে সড়ক দিয়ে গুরুত্বপূর্ণ মালামাল, যাত্রী আসাযাওয়া, রোগী নিয়ে যাওয়া সবকিছুই কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ সড়কটি দ্রুত সংস্কারের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করছি।