চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে আবদুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫-এর পুরস্কার বিতরণী, কৃতিশিক্ষার্থী ও সফল অভিভাবক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আবদুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবাসী সমাজসেবক মো. শফিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মোস্তফা কামাল পাশার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব মো. আলমগীর হোসাইন ঠাকুর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সারিকাইত ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গাজী মো. হানিফ, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার, আবুল কাশেম হায়দার মহিলা কলেজের অধ্যক্ষ মো. হানিফ, কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল হান্নান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, সন্দ্বীপ শাখার ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আলমগীর এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে মেধাবৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সন্দ্বীপের ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ ও অষ্টম শ্রেণির ১০০ জন কৃতী শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তির পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে সফল অভিভাবকদের সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. শোয়াইব।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠিত আবদুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন শিক্ষার প্রসার, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে এলাকায় ইতোমধ্যে প্রশংসনীয় অবদান রেখে আসছে।