শিরোনামঃ

সন্দ্বীপে জিপিএ-৫ প্রাপ্ত ৮৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

ইলিয়াছ সুমন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: ইলিয়াছ সুমন
ছবি: ইলিয়াছ সুমন

চট্টগ্রামের সন্দ্বীপে ২০২৫ সালে মাধ্যমিক স্তরে জিপিএ-৫ অর্জনকারী ৮৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় সন্দ্বীপ উপজেলা কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক দেলোয়ার হোসেন সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের এবং সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কনসালট্যান্ট শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ উল্ল্যাহ মিজান, সন্দ্বীপ প্রধান শিক্ষক সমিতির সভাপতি আবদুল হান্নান, বাংলাদেশ শিক্ষক সমিতির সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক এ কে ফজলুল করিম, কালাপানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোসাদ্দেকুল মাওলা, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী, সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হোসেন, সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাশ, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমন এবং ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা আবিদুল ইসলাম মান্না প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০১৪ সাল থেকে ধারাবাহিকভাবে পরিচালিত এসব শিক্ষামূলক কর্মসূচি সন্দ্বীপের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তারা এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগের জন্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষক সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, ভবিষ্যতে সাফল্যের এ ধারাবাহিকতা বজায় রেখে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুশিক্ষিত এবং আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

অনুষ্ঠান শেষে জিপিএ-৫ অর্জনকারী ৮৪ কৃতী শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র, অভিনন্দনপত্র ও স্মারক তুলে দেওয়া হয়।

প্রসঙ্গত, শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে সাতটি শিক্ষামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হাতের লেখা প্রতিযোগিতা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা, কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা এবং অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা।

এসব কর্মসূচির মাধ্যমে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা চর্চা ও ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করা হচ্ছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL