সাংবাদিক ইসমাঈল হোসেন মনিকে সন্দ্বীপের প্রধান ব্যস্ত সড়ক থেকে প্রকাশ্যে তুলে নিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ ও তা প্রচারের অভিযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সদস্যসচিব আলমগীর ঠাকুর। তিনি আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে বিষয়টির যথাযথ ও সন্তোষজনক সমাধানের আশ্বাস দিয়েছেন।
রোববার (৩০ আগস্ট) বিকাল ৩টায় সন্দ্বীপ প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত হয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।
সভায় আলমগীর ঠাকুর সাংবাদিক ইসমাঈল হোসেন মনির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে একটি গ্রহণযোগ্য ও সন্তোষজনক সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হবে। একই সঙ্গে তিনি এ বিষয়ে তার ওপর আস্থা রাখার আহ্বান জানান।
পরে উপস্থিত সাংবাদিকরা আলমগীর ঠাকুরের আশ্বাসের প্রতি আস্থা রেখে নির্ধারিত সময় পর্যন্ত বিষয়টির সমাধানের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেন।
সন্দ্বীপ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, প্রথম আলোর প্রতিনিধি আনোয়ার আবছার, আমার দেশ প্রতিনিধি শামসুল আজম, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সন্দ্বীপ প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ বেলায়েত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবু, সজাগ সন্দ্বীপ সম্পাদক অধ্যাপক ফসিউল আলম, আলী হোসেন, সুফিয়ান মানিক, সাংবাদিক ইসমাঈল হোসেন মনি, সায়েদ মহিন, আমিনুর রসুল রিয়াদসহ অন্যান্য সংবাদকর্মীরা।