বিদ্যুৎহীনতায় চট্টগ্রামের সন্দ্বীপে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার অনুষ্ঠিত ইংরেজি ২য় পত্র পরীক্ষায় এ দুর্ভোগে পড়েন বিভিন্ন কেন্দ্রের পরীক্ষার্থীরা।
উপজেলার গাছুয়া গোলাম খালেক একাডেমি ও মুছাপুর এবি হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়। একই সময়ে বৈরী আবহাওয়ার কারণে কার্গিল হাই স্কুল কেন্দ্রে শিক্ষার্থীদের অন্ধকারাচ্ছন্ন পরিবেশে পরীক্ষা দিতে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হলেও সকাল ১০টা থেকেই পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা সারাদিন অব্যাহত ছিল। ফলে পরীক্ষার সময় আলো সংকটে পড়ে শিক্ষার্থীরা।
পরীক্ষার্থীরা জানান, পর্যাপ্ত আলোর অভাবে প্রশ্নপত্র পড়া ও উত্তর লেখা কঠিন হয়ে পড়ে। এতে করে পরীক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয় এবং মানসিক চাপও বেড়ে যায়।
এদিকে অভিভাবক ও স্থানীয়দের প্রশ্ন, এসএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে কেন বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা রাখা হয়নি। জেনারেটর বা আইপিএসের ব্যবস্থা থাকলে এমন ভোগান্তি এড়ানো সম্ভব ছিল বলে তারা মনে করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।