চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে অবস্থিত আল হায়াত হাসপাতাল প্রাইভেট লিমিটেডের নির্বাহী কমিটির বিরুদ্ধে ডিরেক্টরদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে হাসপাতাল পরিচালনার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কেরানীহাটে অবস্থিত একটি রেস্টুরেন্টের হলরুমে হাসপাতালের বঞ্চিত ডিরেক্টরবৃন্দের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় বঞ্চিত ডিরেক্টরদের মধ্যে লিখিত বক্তব্য পাঠ করেন ইঞ্জিনিয়ার আরাফাত হোসাইন ফরহাদ।
বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, যৌথ মূলধনী কোম্পানিতে অন্তর্ভুক্ত না করা, আয়-ব্যয়ের হিসাব গোপন, সরকারি কর্মকর্তাদের নির্দেশনা অমান্য করাসহ প্রতিবাদ করলে নির্বাহী কমিটি সংশ্লিষ্টরা প্রতিনিয়ত হুমকি প্রদান করে যাচ্ছেন৷ এ ছাড়াও হিসাব ও শেয়ার সংক্রান্ত তথ্য চাইতে গিয়ে ডিরেক্টর ও তাদের পরিবারের সদস্যরা প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন।
ইঞ্জিনিয়ার আরাফাত হোসাইন ফরহাদ আরও বলেন, হাসপাতাল প্রতিষ্ঠার জন্য শেয়ারের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা সংগ্রহ করার ১৭ মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অনেক ডিরেক্টরের নাম যৌথ মূলধনী কোম্পানিতে অন্তর্ভুক্ত করা হয়নি। এমনকি আমাদের শেয়ার সার্টিফিকেটও প্রদান করা হয়নি। অথচ আমাদের কাছে বিনিয়োগের টাকা জমা দেওয়ার রসিদ ও ব্যাংক স্লিপ রয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
তিনি বলেন, বিষয়টি নিয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করা হলে তিনি বিষয়টি সুরাহার জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেন। সহকারী কমিশনার (ভূমি) প্রথম শুনানিতে সিদ্ধান্ত প্রদান করলেও দ্বিতীয় শুনানি বয়কট করে অভিযুক্তরা হাসপাতাল পরিচালনা অব্যাহত রেখেছেন।
পরিশেষে ইঞ্জিনিয়ার আরাফাত হোসাইন ফরহাদ বলেন, আমাদের দাবি আদায় না হলে আগামী (২৮ জুলাই) আল হায়াত হাসপাতালের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আল হায়াত হাসপাতালের বঞ্চিত ডিরেক্টর আরমান হোসাইন, জামাল উদ্দিন, শেখ আহমদ বাবু, শাহ আলম, আব্দুল গফুর ও কায়সার হামিদ উপস্থিত ছিলেন।