শিরোনামঃ

যশোর সীমান্ত থেকে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

নোয়াখালীতে সহযোগী রায়হান সটকে পড়লেও জালে ইমন; অস্ত্রসহ দুই সহযোগী আগেই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ছবি: সংগ্রহীত
শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ছবি: সংগ্রহীত

চট্টগ্রাম নগরের অন্যতম আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকার ধুমধুমপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে হেফাজতে নেয় পুলিশ।

​যশোরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম জেলা পুলিশের সহায়তায় এবং তাদের রিকুইজিশনের ভিত্তিতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে ডেভিড ইমনকে চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

​একই অভিযানের অংশ হিসেবে নোয়াখালীতে পৃথক চেষ্টা চালানো হলেও ইমনের অন্যতম প্রধান সহযোগী রায়হান অল্পের জন্য পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তাকেও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

​ঘটনার বিস্তারিত নিশ্চিত করে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম বলেন, “ডেভিড ইমন ও তার সহযোগী রায়হানকে গ্রেপ্তারে জেলা পুলিশের একাধিক টিম দীর্ঘদিন ধরে কাজ করছিল। সেই ধারাবাহিকতায় যশোর থেকে ডেভিডকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা। পুরো অভিযান ও পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।”

​এর আগে, ইমনের সন্ত্রাসী নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে গত রবিবার রাতে নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে এক বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ইমনের দুই ঘনিষ্ঠ সহযোগী মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে আসিফ একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। ইমনের গ্রেপ্তারের মধ্য দিয়ে চট্টগ্রাম নগরীর এক সময়ের ত্রাস ও অপরাধ চক্রের বড় ধাক্কা লাগল বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL