শিরোনামঃ

‘মামলার খরচ জোগাতেই মাদক ব্যবসা’, ইয়াবাসহ আবারও ‘টোয়েন্টি জসিম’ গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগ্রহীত
ছবি: সংগ্রহীত

১৪৭টি ইয়াবা ট্যাবলেটসহ মো. জসিম উদ্দিন প্রকাশ ‘টোয়েন্টি জসিম’ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

রোববার (২৩ আগস্ট) দুপুরে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের কোরিয়ান কেইপিজেডের দক্ষিণ গেটের সু-গেট-১-এর সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে জসিম জানিয়েছেন, নিজের বিরুদ্ধে থাকা মামলার খরচ জোগাতেই তিনি মাদক ব্যবসায় জড়িয়েছেন। গ্রেপ্তারকৃত জসিম বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত নসু মিয়া প্রকাশ নজু মিয়ার পুত্র।

কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূরে আলম সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। পুলিশ জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে জসিম দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা তাকে আটক করেন।

এজাহারে বলা হয়েছে, আটকের পর জিজ্ঞাসাবাদে জসিম তার হেফাজতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে তল্লাশি চালিয়ে তার পরনের লুঙ্গির গোছা থেকে একটি নীল রঙের বায়ুরোধী পলিপ্যাকে রাখা ১৪৭টি ইয়াবা উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া ইয়াবার ওজন ১৪ গ্রাম। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৪৪ হাজার ১০০ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জসিম স্বেচ্ছায় জানান, তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার খরচ জোগাতে তিনি মাদক ব্যবসা করে আসছিলেন। তিনি আরও জানান, পলাতক মো. আবছারের কাছ থেকে কম দামে ইয়াবা কিনে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

এজাহার ও পুলিশের সিডিএমএস যাচাইয়ের বরাত দিয়ে জানা গেছে, জসিমের বিরুদ্ধে কর্ণফুলী, পটিয়া ও আনোয়ারা থানায় ডাকাতি, অস্ত্র, চুরি, বিস্ফোরক, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে। এরমধ্যে কর্ণফুলী থানায় ২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের করা মামলাগুলোর মধ্যে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, চুরি, দাঙ্গা, সরকারি কাজে বাধা, বিস্ফোরক দ্রব্য আইন, ছিনতাই ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে। 

এ ছাড়া পটিয়া ও আনোয়ারা থানায়ও তার বিরুদ্ধে ডাকাতির মামলা থাকার কথা এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশের ভাষ্য, জসিম ও তার সহযোগীরা অবৈধভাবে অ্যামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজেদের দখলে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় অপরাধ করেছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, ‘এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার জসিমকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL