চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়া হাজারি সড়কের সংস্কার কাজ ঝুলে থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বটতলী ইউনিয়ন থেকে বরুমচড়া হাজরি সড়ক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
সোমবার বিকেল তিনটায় পশ্চিম বরুমচড়া হাজারি সড়কের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন ও ঠিকাদারের গাফিলতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।
তরুণ শিল্প উদ্যোক্তা আরিফ সিকদারের সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার হাজারও মানুষ বিভিন্ন ব্যানার পেস্টুন হাতে নিয়ে অংশ নেন।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বটতলী ইউনিয়ন থেকে বরুমচড়া হাজরি সড়ক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কের কাজ শেষ গত ৭ মাস ধরে সংস্কারকাজ স্থগিত রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়ন কাজ অসম্পূর্ণ থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে গুরুত্বপূর্ণ এ সড়কের কাজ কাঙ্খিত গতিতে এগোচ্ছে না।
ফলে শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে। সমাবেশ থেকে দ্রুত সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন করা, কাজের গুণগত মান নিশ্চিত করা এবং দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। অবিলম্বে সংস্কারকাজ শেষ না করলে তাঁরা লাগাতার অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
তরুণ শিল্প উদ্যোক্তা আরিফ সিকদার বলেন, ‘দীর্ঘদিন চলা সড়ক সংস্কার কাজ শেষ না করায় সড়কটি রীতিমতো মরণফাঁদে পরিণত হয়েছে। এ উন্নয়ন কাজের কোনো তদারকি ছিল না। আমরা নাগরিক ভোগান্তির অবসান চাই। দ্রুত সড়ক সংস্কারকাজ শেষ করার দাবি জানাই।’ তিনি বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও গাফিলতির এসব বিষয়ে এলাকাবাসী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে স্মারকলিপি প্রদান করবেন।'
এ সময় বরুমচড়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।