শিরোনামঃ

কর্ণফুলীতে র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ

কর্ণফুলী প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: দৈনিক দেশের কথা
ছবি: দৈনিক দেশের কথা

পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলার প্রত্যয়ে কর্ণফুলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান। “পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম” স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচ্ছন্নতা আন্দোলন নতুন মাত্রা পায়।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ময়লা-আবর্জনা ও আগাছা অপসারণের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হয়। অংশগ্রহণকারীরা যেখানে-সেখানে বর্জ্য না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম। এছাড়া উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ, সমাজসেবা কর্মকর্তা সবুর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরিফুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুমানা রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক পিপলু দেবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধি, সুশীল সমাজ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, এনজিও প্রতিনিধি, রোভার স্কাউট, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম বলেন, পরিচ্ছন্ন ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তুলতে সবার সম্মিলিত দায়িত্বশীলতা প্রয়োজন। তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ| এ ধরনের কর্মসূচি শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে| তিনি সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান|

আমাদের প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ জমে থাকা পানিতেই এডিস মশা বংশবিস্তার করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ কর্মসূচির আওতায় কর্ণফুলী উপজেলার পাঁচটি ইউনিয়নে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। প্রশাসনের দাবি, এ উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য কর্ণফুলী গড়ে তোলার কার্যক্রম আরও গতিশীল হবে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL