কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ে প্রথম বারের মতো এডহক কমিটির সভাপতি হলেন সুপ্রীম কোর্ট অব বাংলাদেশের তরুণ আইনজীবী মুহাম্মদ শাহেদ হোছাইন। বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র স্বারকের আলোকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম প্রবিধানমালা অনুসারে নতুন এই এডহক কমিটি অনুমোদন দেন।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আবুল কাসেম স্বাক্ষরিত এক অফিস আদেশে মঙ্গরবার ২৫ আগস্ট তারিখে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে নিম্নোক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত এই এডহক কমিটিকে আগামী ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এতে কমিটির সভাপতি হলেন শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত এডভোকেট মুহাম্মদ শাহেদ হোছাইন, জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি সদস্য আনিসুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক প্রতিনিধি সদস্য মো: পারভেজ ও পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন সদস্য সচিব হিসেবে মনোনীত হন।
এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃক অনুমোদিত এই কমিটিকে বলা হয়েছে, প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৫ (২) অনুযায়ী ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করতে পারবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ২০১১ সালের একটি প্রজ্ঞাপন অনুযায়ী, এই এডহক কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।
উল্লেখ্য, বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এডভোকেট মুহাম্মদ শাহেদ হোছাইন চট্টগ্রাম জজ কোর্ট ও সুপ্রীম কোর্ট অব বাংলাদেশের একজন তরুণ আইনজীবী। তিনি বহদ্দারকাটা উচ্চ বিদ্যালয়ের ২০০৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বহদ্দারকাটা প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক। বিএমচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক ও মাতামুহুরী উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ছিলেন। এছাড়াও তিনি মাতামুহুরী উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রামের একজন সদস্য।