চট্টগ্রামে আসন্ন ধর্মীয় উৎসবকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। সভায় ডায়নামিক পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালনে চট্টগ্রাম জেলা পুলিশ সবসময় পাশে থাকবে।
চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম।
সভার শুরুতে জেলা ও উপজেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতারা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি জেলার পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা সম্পর্কে মতামত দেন। তারা আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চট্টগ্রাম জেলা পুলিশের ভূমিকারও প্রশংসা করেন।
পুলিশ সুপার মনোযোগ দিয়ে নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি উন্নতমানের সিসিটিভি ক্যামেরা স্থাপন ও তা সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটিগুলোকে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখতে হবে। পাশাপাশি গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতন ভূমিকা পালন, স্বেচ্ছাসেবকদের সক্রিয় রাখা এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
পুলিশ সুপার বলেন, জনবান্ধব, পেশাদার ও নিরপেক্ষ পুলিশিংয়ের মাধ্যমে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ পুলিশের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
সভায় উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সমন্বয়ের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রেখে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।