লোহাগাড়া উপজেলার আধুনগর বাসস্টেশন সংলগ্ন আল আমিন তাহফিজুল কুরআন একাডেমি নামের হেফজখানা থেকে বের হওয়ার পর মুহাম্মদ আব্দুল্লাহ আল ইনছান (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। দীর্ঘদিন অতিবাহিত হলেও তার কোনো সন্ধান না মেলায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ শিশু মুহাম্মদ আব্দুল্লাহ আল ইনছান উপজেলার আধুনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর হরিণা গ্রামের সমশু বড় পাড়া এলাকার বাসিন্দা মুহাম্মদ ফারুকের ছেলে। এ ঘটনায় লোহাগাড়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ জুন দুপুর আড়াইটার দিকে আধুনগর আল আমিন তাহফিজুল কুরআন একাডেমি নামের হেফজখানা থেকে বের হওয়ার পর থেকে আব্দুল্লাহ আল ইনছানের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার পরেনে ছিলো লাল গেঞ্জি ও কালো প্যান্ট। সম্ভাব্য বিভিন্ন স্থানে আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
নিখোঁজের ঘটনায় সন্তানের নিরাপদে ফিরে আসার আশায় উদ্বিগ্ন হয়ে গত ৩ জুলাই রাতে লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা মুহাম্মদ ফারুক। যার নং: ১৪৩।
শিশুটির বাবা মুহাম্মদ ফারুক বলেন, আমার ছেলে নিখোঁজ হওয়ার পর থেকে আমরা সব জায়গায় খোঁজ করছি। কোথাও তার কোনো সন্ধান পাচ্ছি না। আমরা খুবই অসহায় হয়ে পড়েছি। কেউ আমার ছেলের সন্ধান পেলে দ্রুত আমাদের অথবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ জানাচ্ছি।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মু. আব্দুল্লাহ জানায়, নিখোঁজের সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তার সন্ধানে পুলিশ কাজ করছে।