চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাইশ্যের ডেবা–হালিমশাহ সড়কের বেহাল অবস্থার দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর হালিমশাহ সড়কের ওপর আয়োজিত এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন। দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটি সংস্কারের দাবিতে তারা রাঙ্গুনিয়ার সাংসদ হুমাম কাদের চৌধুরী'র জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, রাজানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিন লিটন, এলাকার সাবেক সরদার হাজী মুহাম্মদ হাসান, এম এ জলিল, সৈয়দ মুহাম্মদ জাবের, নুরুল ইসলাম খোকন, নাজিম উদ্দিন দুলাল, মুহাম্মদ তারেক, দিদারুল আলম সওদাগর, রুহুল আমিন বাচা সওদাগর, আবুল কালাম এবং হযরত আব্দুল কাদের জিলানী জামে মসজিদের খতিব মাওলানা ইমরান হোসাইন মাইজভান্ডারী।
বক্তারা বলেন, প্রায় দুই কিলোমিটার দীর্ঘ হালিমশাহ সড়কটি বছরের পর বছর সংস্কার না হওয়ায় বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা ও কাঁদাময় এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় দুই শতাধিক পরিবারের ছয় শতাধিক মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী, বৃদ্ধ, নারী এবং রোগী পরিবহনে প্রতিনিয়ত মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে।
তারা অভিযোগ করে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা নির্বাচন এলেই সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়ন হয় না। বছরের পর বছর ধরে এলাকাবাসী শুধু আশ্বাসই পেয়ে আসছেন।
মানববন্ধন থেকে স্থানীয়রা রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর প্রতি বিশেষ আহ্বান জানান। তারা বলেন, "জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনার সহধর্মিণী সামাঞ্জার খান আমাদের এলাকায় এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন—আপনি নির্বাচিত হলে হালিমশাহ সড়কটি সংস্কার করা হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এখন আপনার কাছে আমাদের একটাই আবেদন, দ্রুত এই সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দিন।"
এলাকাবাসীর দাবি, একটি টেকসই সড়ক নির্মাণ হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দৈনন্দিন যোগাযোগব্যবস্থা স্বাভাবিক হবে। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।