“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর প্রথম দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষিদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. ওবাইদুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী।
সভায় বক্তব্য দেন মৎস্য দলের সদস্য সচিব মো. সেলিম উদ্দিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ চৌধুরী, সফল মৎস্যচাষি মো. নঈম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিমসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান বলেন, মৎস্যজীবী, মৎস্যচাষি, মৎস্য ক্রেতা ও বিক্রেতাসহ মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্ত মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে। দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলার সফল মৎস্যচাষিদের উৎসাহিত করতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—পদুয়ার মো. নঈম উদ্দিন, ইসলামপুরের আলহাজ্ব নুর মোহাম্মদ তালুকদার এবং সুখবিলাস, পদুয়ার মো. মুবিনুল হক চৌধুরী।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে মৎস্যজীবী, মৎস্যচাষি, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা অংশ নেন। অনুষ্ঠানের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক মৎস্যচাষে উদ্বুদ্ধকরণ এবং মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।