কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরীস্থ বদরখালী মহেশখালী আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান (২৫) নামে মোটরসাইকেল আরোহী এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল থাকা আরো দুই আরোহী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরের দিকে মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর শাহাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত মিজানুর রহমান (২৩) চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও দুই নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। অপর আহত দুজন হলেন একই ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক মমতাজ মিয়ার ছেলে মিসকাত (২২) ও দক্ষিণ বুড়িপুকুর এলাকার নুরুল ইসলামের ছেলে তামিম (২৩)।
চকরিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম বাপ্পি সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতা মিজান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাহারবিল ইউনিয়নের ইউপি সদস্য সেলিম উদ্দিন ও নুরুল হাকিম জানান, ছাত্রদল নেতা মিজান তাঁর দুই বন্ধুকে নিয়ে রামপুর শাহাপুরা নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল তিনটার দিকে ছাত্রদল নেতা মিজান মারা যায়। আহত অপর দু'জন মিসকাত ও তামিম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) চিকিৎসাধীন রয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ছাত্রদল নেতা মিজান চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।