কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় সমবয়সী বন্ধুর ঘুষিতে তারেকুর রহমান তারেক (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে পৌরশহরের বাণিজ্যিক কেন্দ্র নামার চিরিঙ্গাস্থ বায়তুশ শরফ রোডে এ ঘটনাটি ঘটে।
নিহত তারেকুর রহমানের বাড়ি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকায়। সে ওই এলাকার আবদুল মজিদ ও রোকসানা বেগমের ছেলে বলে জানাগেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, চকরিয়া পৌরশহরের ৮নম্বর ওয়ার্ডের নামার চিরিঙ্গাস্থ বায়তুশ শরফ রোডে দাদার সাথে পানের দোকানে সময় দিতো শিশু তারেক। মঙ্গলবার রাতে দোকান থেকে বের হয়ে পানি আনতে যায় সে। টিউবওয়েলে পানি জন্য গেলে সেখানে তার সমবয়সী বন্ধুর সঙ্গে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয় এবং ওই বন্ধু সজোরে কানের কাছে ও বুকের মাঝে ঘুষি মারে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রতিমধ্যে লোহাগাড়া আমিরাবাদ এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি টিম নিহত শিশু তারেকের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরি করেন।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি (তদন্ত) নুরে আলম ছিদ্দিকী মাসুম বলেন, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে প্রাথমিক ভাবে পুলিশ প্রতিবেদন তৈরি করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।